Views Bangladesh Logo

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে একই আদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের জন্য সংসদে বিল পাস হয়েছে। বিরোধী দলের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর জন্য বিরোধীদলীয় সদস্যদের দেওয়া প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বিলটি উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের চাহিদার কারণেই এসআরবি গঠন করা হচ্ছে।

এর আগে বিলটি পাস না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য। শফিকুর রহমান বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর বাহিনীটির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়। এর কিছু ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে গোটা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

র‌্যাব পুনর্গঠনের দাবি কারও ছিল না উল্লেখ করে তিনি বলেন, দাবি ছিল বাহিনীটি বিলুপ্ত করার। কিন্তু এখন কোনো পরিবর্তন না এনে একই কাঠামো রাখা হয়েছে। তাই বিলটি পাস না করে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ২০০৪ সালে র‌্যাব গঠনের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। র‌্যাবের নেতিবাচক দিকের সমালোচনা করলেও বাবর বলেন, র‌্যাবের মতো একটি বাহিনীর এখনও প্রয়োজন রয়েছে।

বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের দাবি কারও ছিল না—এ কথা ঠিক। তবে এটি সমাজের দাবি ও চাহিদা। সমাজের দাবির পরিপ্রেক্ষিতে র‌্যাব বিলুপ্ত করা হচ্ছে এবং একই সঙ্গে এসআরবি গঠন করা হচ্ছে।

অপরাধ দমনে সমাজের চাহিদা অনুযায়ী নতুন আইন প্রণয়নের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনের জন্যও আইন সংশোধন করা হচ্ছে। পাশাপাশি পুলিশ বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের বিষয়টিও সরকার বিবেচনা করছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ