একাত্তরে যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও সংসদে শোক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আনা শোকপ্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয়জন নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাবেক নেতা রয়েছেন।
বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। পরে এতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম যুক্ত করার প্রস্তাব ওঠে। পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরে এসব নাম অন্তর্ভুক্ত করার কথা জানান। আলোচনা শেষে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই সাতজন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন।
তাদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।
এদিন শোকপ্রস্তাবে আরও স্মরণ করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের ধর্মীয় নেতা আলী খামেনিসহ দেশি–বিদেশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে।
শোকপ্রস্তাব গৃহীত হওয়ার আগে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে