তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি ও মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এতে সাবেক ১৬ জন এমপি ও মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, এবারের সংসদে নারী সদস্যদের উপস্থিতির কারণে সংসদ আরও পূর্ণতা পেয়েছে।
শোক প্রস্তাবে স্মরণ করা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।
এছাড়াও বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, এ বি এম আনোয়ারুল হক, জি এম ফজলুল হক, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, আবু নূর মোহাম্মদ বাহাউল হক এবং সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ অন্যদেরও স্মরণ করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওইদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন সমাপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও বক্তব্য দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে