সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার
আগামীকাল রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।
আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে