ঈদযাত্রা ঘিরে ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে যানজট কমাতে ঢাকার প্রবেশমুখে কোনো ধরনের পার্কিং এবং যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রতিটি বাস টার্মিনালে সাদা পোশাকে বিশেষ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাস বা অন্য কোনো অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের সেবা করা এক ধরনের ইবাদত। তাই পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে যাত্রীদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। এছাড়া ঈদের আগে ও পরে মোট ছয় দিন দূরপাল্লার ট্রাক চলাচল বন্ধ রাখার আহ্বানও জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে