মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় বাবা-মা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক দম্পতি। নিহত ছেলের নাম হাসান গাজী (২০)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা-মা হলেন জাফর গাজী ও নাজমা বেগম (৩৮)। ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন এবং নিজেদের গ্রেপ্তারের অনুরোধ জানান।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত হাসান প্রায়ই বাবা-মার কাছে টাকা দাবি করতেন। মঙ্গলবার দুপুরে টাকা না পেয়ে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে বাবা-মা মিলে লোহার পাইপ দিয়ে হাসানকে এলোপাতাড়ি পেটান, মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আবুল কালাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে