Views Bangladesh Logo

সংশোধন হচ্ছে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’, বাড়ছে শাস্তি ও জরিমানার বিধান

‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ আরও কার্যকর ও যুগোপযোগী করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে আইন অমান্যকারীদের জন্য শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে পরিবর্তন আনা হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো আইনটির কার্যকারিতা বৃদ্ধি করা এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা। এজন্য সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে।

একই অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগের বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।

মন্ত্রী জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে। এ লক্ষ্যে ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাঠপর্যায়ে তালিকা যাচাইয়ের কাজ করছে।

সরকারের আশা, আইন সংশোধন ও ভাতা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একদিকে যেমন পিতা-মাতার ভরণপোষণের আইনি সুরক্ষা আরও জোরদার হবে, অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ