অভিনেতা লি সানের রহস্যজনক মৃত্যু
অস্কারজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় কোরিয়ান এই অভিনেতার মৃতদেহ। ব্রিটেনের সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ ডিসেম্বর) সকালে অভিনেতার নিজ গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে হঠাৎ তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন এখনও তা জানা যায়নি।
এদিকে, কোরিয়ার স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, বাড়ি থেকে নিজের গাড়ি একাই চালিয়ে বেরিয়ে পড়েন লি। কিছুক্ষণ পর অভিনেতার স্ত্রী একটি ঘরে খুঁজে পান সুইসাইড নোট।
সুইসাইড নোট পেয়ে ঘাবড়ে যান লি'র স্ত্রী। এরপরই লি-কে মোবাইলে কল দিতে শুরু করেন। অনেক বার কল দিয়েও লি'র সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে দিশেহারা হয়ে পুলিশে খবর দেন তিনি। পরে সিউলের একটি পার্কে লি'র খোঁজ পায় পুলিশ। সকালে পার্কে অভিনেতার গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
লি'র মৃত্যু খবরের শিরোনাম হলে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ার শোবিজ অঙ্গনে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বেশ কিছুদিন ধরে লি জড়িয়েছিলেন মাদককাণ্ডে। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবন করার অভিযোগ ছিল অভিনেতার বিরুদ্ধে। লি'র মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না তা এরই মধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি সান কিউন। ২০১৯ সালে তার অভিনীত কমেডি ঘরানার সিনেমা ‘প্যারাসাইট’ অস্কার জেতে। সিনেমার পাশাপাশি কোরিয়ান সিরিজগুলোতেও অভিনয় করছিলেন লি। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো- ‘প্যারাসাইট’, ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’, ‘ডক্টর ব্রেন’ ইত্যাদি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে