Views Bangladesh Logo

হাইকোর্টের একটি বেঞ্চে কাগজমুক্ত বিচার শুরু

চ্চ ও জেলা আদালতসমূহের বিচার প্রক্রিয়া ই-জুডিসিয়ারির আওতায় আনতে রোববার (৫ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি কোম্পানি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রোববার থেকে পেপার-ফ্রি বিচারিক কার্যক্রম চালু করার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসসকে বলেছেন, ‘সকল কাগজপত্র অনলাইনে জমা দেয়ার জন্য প্রস্তুত করা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পেপার-ফ্রি বিচারিক কার্যক্রম চালু- একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

গত, ২ জানুয়ারি থেকে ওই বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকায় কার্যক্রমটি শুরু করা সম্ভব হয়নি।

২০২৫ সালের মধ্যে ধাপে ধাপে সুপ্রিম কোর্টের অন্যান্য বেঞ্চে পেপার-ফ্রি বিচারিক কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। দীর্ঘমেয়াদে দেশের জেলা আদালতগুলোতেও সম্পূর্ণ কাগজমুক্ত বিচার ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালকে বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি ‘নবযাত্রার বছর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ রোডম্যাপ বাস্তবায়নে ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, দেশের উচ্চ আদালত ও জেলা আদালতসমূহে ই-জুডিসিয়ারি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেছেন, ২০২৫ সালে বিচার বিভাগ সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে জনগণের সেবায় কার্যকরী ভূমিকা পালন করবে, যা ২০২৪ সালের জুলাই-আগস্টে বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ