১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমে আসায় সেখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেয়। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘গতকালের মতো আজকেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ হয়। এ তাপমাত্রায় শীতে কাঁপছে উত্তরাঞ্চল।’
এদিকে কনকনে শীত এবং বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু হয়ে খড়কুটো কিংবা শুকনো কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় রাত ৯টার পর থেকেই জেলার হাটবাজারগুলোতে মানুষের বিচরণ কমে আসলেও জীবিকার তাগিদে দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক ও কৃষকসহ বিভিন্ন পেশার মানুষকে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে বলে জানা গেছে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি সাহায্যের প্রত্যাশা করছেন পঞ্চগড়ের হতদরিদ্র মানুষেরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে