পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
টানা দুই দিন ধরে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একইসঙ্গে হিমালয় থেকে ভেসে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় বিরাজ করছে কনকনে শীত। অপরদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে মিলছে না সূর্যের দেখাও।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
এ ব্যাপারে পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, ‘জেলায় দুই দিন ধরে তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যেটা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে প্রচণ্ড শীতে অপ্রয়োজনে অনেকে ঘরের বাইরে বের না হলেও জীবিকার তাগিদে কাজের সন্ধানে নেমে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ।
তারা বলছেন, শীতের কারণে পরিবারে কারও না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগবালাই লেগেই থাকে। একদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা সব মিলিয়ে পরিস্থিতি বিপাকে। এছাড়া শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত পশুরাও। তাদের সুরক্ষায় রাখতে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ পরাতে হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে