পঞ্চগড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে মিলগেট এলাকায় এ অবরোধ শুরু হয়, যা প্রায় চার ঘণ্টা ধরে চলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় মারাত্মক পানি সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎবিভ্রাট শুরু হয় রোববার বিকেলে। এর আগে লাইনম্যান শাহিন আলম (৩৫) বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে স্থানীয়দের দাবি, ওই ঘটনার আগেই রোববার সকাল থেকেই অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না।
এ বিষয়ে পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মজহারুল আলম জানান, সমস্যাটি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর লাইনের, তাদের নয়। অবরোধের পর নেসকোর অনুরোধে তারা কর্মী সরবরাহ করেছে।
স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে