গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি
গত ২৪ ঘণ্টায় বিচ্ছিন্ন উত্তর গাজায় ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে আরও ৪৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৯৭৬ জনে পৌঁছেছে বলে রোববার (১৫ ডিসেম্বর) জানিয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
এপি জানিয়েছে, রোববারের একটি বিমান হামলায় বেইট হানুন শহরের খলিল আওয়েদা স্কুলে আঘাত হানা বোমায় কমপক্ষে ১৫ জন নিহত হন। কাছাকাছি কামাল আদওয়ান হাসপাতালে আহতদের নেয়া হয়েছে।
নিহতদের মধ্যে দুজন বাবা-মা এবং তাদের মেয়ে এবং একজন বাবা ও তার ছেলে রয়েছেন, হাসপাতাল জানিয়েছে।
গাজা শহরের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতাল জানায়, বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেয়া বাড়িগুলোতে আঘাতকারী তিনটি বিমান হামলায় ছয়জন নারী এবং পাঁচজন শিশু সহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
আরেকটি ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজায় নিহত হয়েছেন আল জাজিরায় কর্মরত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আল-লাহ।
আল-আওদা হাসপাতাল জানিয়েছে, শহরের নুসিরাত শরণার্থী শিবিরে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একটি পয়েন্টে হামলাটি আঘাত হানে। সিভিল ডিফেন্স গাজার প্রধান উদ্ধারকারী সংস্থা এবং হামাস পরিচালিত সরকারের অধীনে কাজ করে।
বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গাজা শহরের একটি ‘সন্ত্রাসী সেল’ এবং বেইত হানুন এলাকার একটি ‘সন্ত্রাসীদের সভাকেন্দ্রে’ হামলা চালিয়েছে তারা।
গত বছরের ৭ অক্টোবর হামাসসহ গাজার অন্য বাহিনীগুলোর যোদ্ধাদের হামলায় দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি জিম্মি হলে গাজায় যুদ্ধ শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে