এবার পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মো. সোহাগ মল্লিক মামলার আবেদন করেন।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ ও ২৭ ধারায় মামলাটি করা হয়। আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি একজন আইনমান্যকারী বাংলাদেশের সচেতন নাগরিক। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
গত ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট ও গত ১৮ জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমের সেবা বন্ধ ছিল ১৩ দিন।
সারাদেশে ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে গত ১৮ জুলাই পলক বিভিন্ন গণমাধ্যমে জানান যে, পরিস্থিতির প্রয়োজনীয়তায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ২৪ জুলাই বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানান, অগ্নিকাণ্ডে ডাটা সেন্টার ও ইন্টারনেট ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ২৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে পুনরায় জানান যে, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে