দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার হামজা নাজার
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তরুণ ক্রিকেটার হামজা নাজারের। তবে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি দলে সুযোগ পাননি। পরে তদন্তে ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কঠোর শাস্তি দিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসার জন্য আবেদন করার সময় হামজা নাজার অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য জমা দেন। তদন্তে দেখা যায়, তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন এবং আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান করেননি। বিষয়টিকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, তদন্ত চলাকালে হামজাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তার বক্তব্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই পিসিবি শাস্তির সিদ্ধান্ত নেয়।
রায়ের পর হামজা নাজারকে দুই বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক—সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ১০ লাখ (এক মিলিয়ন) পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ভিসা আবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য গোপন করার মতো বিষয়কে বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তাদের মতে, এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত একজন খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিপন্থী।
বোর্ড আরও জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট, বোর্ড এবং দেশের কোটি কোটি সমর্থকের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো আচরণের ক্ষেত্রে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়া হবে। তাই এই ঘটনায় শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে হামজা নাজারের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মতামত দিন