Views Bangladesh Logo

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা ও কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা ও কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি গুলিতে নিহত হয়েছেন। ‘আয়েশা গিলামানা’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ২৮ বছর বয়সী এই তরুণীকে শুক্রবার (১৪ আগস্ট) ইসলামাবাদের কাছে ট্যাক্সিলায় গুলি করে হত্যা করা হয়। তার টিকটক অ্যাকাউন্টে প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।

পুলিশ ও পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনার আগে কাশিফ ওরফে ‘কাশি’ নামের এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শামসো। এ সময় তার সঙ্গে ছিলেন ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহ। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শামসোর ঘাড়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবর্ষণের পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অন্য একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে শামসোর বোন আসিমা গুরুতর আহত হন। পরে পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যার মামলা নথিভুক্ত করে। মামলায় হত্যা, হত্যাচেষ্টা, প্ররোচনা এবং যৌথ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের ধারাও যুক্ত করা হয়েছে।

শামসোর বাবা ফজল সাহেবজাদা পুলিশের কাছে অভিযোগ করেন, তার মেয়ের কাউসার ও জাভেদ ওরফে শাহিন নামের দুই ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন ছিল। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শামসোকে হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে এর আগে ইসলামাবাদে অভিযোগও করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন শামসো বিবি। অল্প সময়ের মধ্যেই তিনি বিপুলসংখ্যক অনুসারী গড়ে তোলেন। তার ভাই রহমতুল্লাহর ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে তার অ্যাকাউন্টে ৩ কোটির বেশি লাইক জমা হয়েছিল। হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্তকারীরা গুলি চালানোর কারণ, হামলাকারীদের শনাক্তকরণ এবং ঘটনার আগে শামসোর পাওয়া ফোনকলের বিষয়ে অনুসন্ধান করছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে করা আর্থিক বিরোধসংক্রান্ত অভিযোগও তদন্তের আওতায় রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ