Views Bangladesh Logo

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের গায়ক হাসান রহিম

বাংলাদেশের দর্শকদের সামনে প্রথমবারের মতো সরাসরি গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। চলতি আগস্টে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এই সফরের অংশ হিসেবে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করার পর আগামী ২৮ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের মঞ্চে উঠবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ধারার গানের জন্য পরিচিত হাসান রহিম কোক স্টুডিও পাকিস্তান সিজন ১৪-এ প্রকাশিত ‘পিছে হাট’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

এ ছাড়া তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে তৈরি তার গান বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীতে কনসার্ট করেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় তিনি দর্শকদের মুগ্ধ করেন। অন্যদিকে, শনিবার (১ আগস্ট) ইউনাইটেড কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের অনুপম রায়-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ