এশিয়া কাপের আগে পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিনব প্রস্তুতি
আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে লক্ষ্য রেখে মাঠের লড়াইয়ে নামার আগে দারুণ এক কৌশল বেছে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুবাইয়ে হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সের মান বাড়াতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) আব্দুল কাদির ক্রিকেট একাডেমির পুরুষ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছেন ফাতিমা সানারা।
সাধারণ কোনো প্র্যাকটিস বা পরিস্থিতিভিত্তিক সেশন নয়, বরং ম্যাচ পরিস্থিতি ও বৈরী পরিবেশের চাপ সামলে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জানান, ছেলেদের উচ্চমানের স্কিল ও ফিটনেসের মুখোমুখি হয়ে চাপ সামলে খেলা শেখাই ছিল এই প্র্যাকটিস ম্যাচগুলোর মূল উদ্দেশ্য, যা মূল টুর্নামেন্টে দলকে সাহায্য করবে।
দলীয় প্রস্তুতির পাশাপাশি অধিনায়ক নিজেই রয়েছেন দারুণ ছন্দে। সম্প্রতি ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠ কাঁপিয়ে এসেছেন ফাতিমা। প্রথম পাকিস্তানি নারী হিসেবে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার শতভাগ নির্যাস এশিয়া কাপে দলের জয়ে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, থাইল্যান্ড ও হংকং। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান নারী দল। এরপর ৫ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন ফাতিমারা। আর ৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং।
মতামত দিন