বাংলাদেশ ইস্যুতে তিন শর্তে খেলতে রাজি পাকিস্তান
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনড় অবস্থান নেয় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মানায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে আইসিসিকে চাপ দিতে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের কঠোর সিদ্ধান্তের কথাও জানায় পিসিবি। এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অচলাবস্থা তৈরি হয়। তবে সেই অচলাবস্থা নিরসনের ইঙ্গিত মিলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিনটি শর্ত পূরণ হলেই তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি।
এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি এই তিনটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো— বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ প্রদান, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে বাংলাদেশকে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া।
সূত্র আরও জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে পিসিবির কিছু কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে