পাকিস্তানে বিয়ের বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত; নিখোঁজ ১০
উত্তর পাকিস্তানের গিলগিট শহরের বালতিস্তানে নদীতে ডুবে বিয়ের বরযাত্রীবাহী বাসের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। জীবিত অবস্থায় একমাত্র উদ্ধার হয়েছেন নববধূ।
বুধবার (১৩ নভেম্বর) বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার দূরের গিলগিটে যান এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম এএফপিকে জানান, চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের নদীতে পড়ে যায় দ্রুতগতির বাসটি।
গিলগিট-বালতিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা ওয়াজির আসাদ আলি জানান, বাসে ২৫ জন ছিলেন। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিরা নিখোঁজ।বিপদমুক্ত নববধূ গিলগিটের হাসপাতালে চিকিৎসাধীন।
নিরাপত্তা ব্যবস্থার শিথিলতায় পাকিস্তানে উচ্চ প্রাণহানির সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ দুর্বল এবং পরিবহন পরিকাঠামোও প্রায় জরাজীর্ণ।
গত আগস্টে বেলুচিস্তানের মাক্রান উপকূলীয় হাইওয়েতে একটি বাস গিরিখাতে বিধ্বস্ত হলে মারা যান ১২ জন।
একই মাসে পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের সীমান্তে আজাদ পত্তন শহরের কাছে একটি বাস খাদে পড়ে ২৪ জন নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে