বাংলাদেশের হৃদয় ভেঙে সাফের ফাইনালে প্রথমবার পাকিস্তান
৮৪ মিনিট পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়েছে হামজা চৌধুরীর দল। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের ভুলেই সব স্বপ্ন শেষ হয়ে যায়। নিজেদের মাঠে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ৮৫ মিনিটে গোল হজম করে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। ১-০ গোলের জয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণ সামলাতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় খেলেন শুকি ইতোফুসা। আর চোটের কারণে ছিটকে পড়া সাদ উদ্দিনের বদলে একাদশে সুযোগ পান রহমত মিয়া।
গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ করে বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
সপ্তম মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলরক্ষক।
১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান।
২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলরক্ষকের হাতে লেগে বল পোস্টে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ।
৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।
৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে এভাবেই একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
বিরতির পরও পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় তারা। বিশেষ করে ইতোফুসার দিক দিয়ে আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করা কঠিন হয়ে পড়ে।
৬১ মিনিটে গোলের চেষ্টা করেন ফারহান। পরের মিনিটেই শুকি ইতোফুসার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।
৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। সেটি থেকে আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। কিছুক্ষণ পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তবে তিন মিনিট পরই গোল হজম করে বাংলাদেশ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট তালুবন্দী করেন শ্রাবণ। এরপর লম্বা থ্রো করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে আবদুল সামাদ শেহজাদ বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান। শ্রাবণ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। এর আগে মাঠে ফ্লেয়ার ছোড়া হলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা আবার শুরু হলেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান।
ম্যাচের শেষ দিকে উত্তেজনাও ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশিদূর গড়ায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
মতামত দিন