নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আসিফ আলী জারদারি এসব কথা বলেন।
বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানান তিনি।
আসিফ আলী জারদারি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন জারদারি। তার মতে, এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে সফলতা কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
মতামত দিন