ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইসহাক দার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সঙ্গে তার পূর্বের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফর করতে চান।
ইসহাক দার আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে