Views Bangladesh Logo

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩ বছরের খরা কাটাল পাকিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিদেশের মাটিতে দীর্ঘ তিন বছরের টেস্ট জয়ের অপেক্ষার অবসান ঘটিয়েছে পাকিস্তান। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা।

চতুর্থ দিনে জয়ের জন্য ৭৫ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। শেষ পর্যন্ত বাবর আজম ও আবদুল্লাহ শফিক অপরাজিত থেকেই দলকে জয় এনে দেন। বাবর টানা দুই ছক্কায় ম্যাচের ইতি টানেন।

এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে টানা আট টেস্ট হারের ধারা ভাঙল পাকিস্তানের। সবশেষ তারা ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে জয় পেয়েছিল।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র ১৪ রান যোগ করতে সক্ষম হয়। প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করেন কাভেম হজ। আগের দিন ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ব্র্যান্ডন কিং ব্যাটিংয়ে নামতে পারেননি। পাকিস্তানের স্পিন জুটি সাজিদ খান ও আলী উসমান চারটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেন।

৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই ইমাম-উল-হককে হারায়। এরপর আজান আওয়াইস ১৮ রান করে আউট হলেও তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ম্যাচ শেষ করেন বাবর আজম ও আবদুল্লাহ শফিক। দুজনই অপরাজিত ২৪ রান করে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলা আবদুল্লাহ শফিক ম্যাচসেরার পুরস্কার জেতেন। আর সিরিজসেরা নির্বাচিত হন পাকিস্তানের বাবর আজম ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ