বাংলাদেশের বন্যা-পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। দুর্যোগে যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য প্রার্থনা করছি।
ইসহাক দার উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্য, চিকিৎসাকর্মী ও ত্রাণকর্মীদের সাহসিকতা ও নিষ্ঠারও প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সফলতা এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা কামনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।
মতামত দিন