Views Bangladesh Logo

‘পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে যায়নি’, সমালোচকদের জবাব নাকভির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে ব্যাপক পরিবর্তন। সাত ক্রিকেটার ও দুই কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের ক্রিকেট বিশ্লেষকেরাও। তবে এসব সমালোচনায় বিচলিত নন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা নাকভি জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সমালোচনাকে তিনি কখনো ভয় পাননি এবং ভবিষ্যতেও পাবেন না। যারা তার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের অবনতি হয়েছে বলে দাবি করছেন, তাদের আগের অবস্থানের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করার আহ্বান জানান তিনি। নাকভির প্রশ্ন, তিনি দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেটের র‍্যাঙ্কিং কোথায় ছিল, সেটিও সমালোচকদের দেখা উচিত।

তবে সব ধরনের সমালোচনাকে একইভাবে দেখছেন না পিসিবি চেয়ারম্যান। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের মতো ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানালেও অন্য অনেকের সমালোচনাকে তিনি বাস্তবতাবিবর্জিত বলে মনে করেন। নাকভির দাবি, যারা ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত নন, তাদের বক্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।

এদিকে ইংল্যান্ড সফর থেকে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দলে জায়গা হারানো ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, ইমাম-উল-হক, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ। তাদের পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়াসহ নতুন কয়েকজন ক্রিকেটার।

শুধু ক্রিকেটারদের বাদ দেওয়ার মধ্যেই পরিবর্তন সীমাবদ্ধ থাকেনি। নির্বাচকদের কাছেও ব্যাখ্যা চেয়েছে পিসিবি। ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে টেস্ট দলে রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে নির্বাচকদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসনকে এবং বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাশলি নফকি।

এরই মধ্যে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। একই সঙ্গে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং পরামর্শকের দায়িত্বও ছেড়েছেন তিনি। একের পর এক পরিবর্তন ও বিতর্কে পাকিস্তানের ক্রিকেট যখন অস্থির, তখনও নাকভির বিশ্বাস, পিসিবি সঠিক প্রক্রিয়াতেই এগোচ্ছে এবং নেওয়া সিদ্ধান্তগুলোর ফল সামনে পাওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ