ইমরান খানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ আদালতের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কারাগারের ভেতরে আদালত বসিয়ে করার বিষয়টি বেআইনি ঘোষণা করেছিল দেশটির আদালত। এবার তার বিচারকার্য প্রকাশ্যে সাধারণ আদালতে পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানাযায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৮ নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ নির্দেশ জারি হয়েছে বলে জানিয়েছেন ইমরানের আইজীবী।
মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে বিষয়টি তুলে ধরেন ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ জারি করা হয়েছে। এখন আমরা এর বাস্তবায়নের অপেক্ষায় আছি।
তবে পাকিস্তানের আইন মন্ত্রণালয় তাৎক্ষণিকভবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত বছর এক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান সাবেক এ ক্রিকেটার। এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করা হয়। যদিও সাবেক প্রধানমন্ত্রী এসব অভিযোগের সত্যতা অস্বীকার করে জানান, সামরিক বাহিনীর মদদে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বেআইনিভাবে রাষ্ট্রীয় নথি ফাঁসের অভিযোগে গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের জেল দেয় দেশটির আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগও রয়েছে ৭১ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে