কিউইদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
বিশ্বকাপে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানও জয়ের জন্যই খেলছিল। ফখর জামানের বিস্ফোরক ইনিংসের পর ফিফটি হাঁকিয়ে বাবরও এগোতে থাকেন। তবে বৃষ্টির কারণে আর মাঠে নামা না হলেও ডাকওয়ার্থ লুইস মেথডে ২১ রানে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। এই জয়ের ফলে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৫তম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৩৫ রান করে বিদায় নেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর দ্বিতীয় উইকেটে রাচিনকে সঙ্গে নিয়ে ১৮০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রানে শেষ হয় তার ইনিংস। তবে এ নিয়ে এবারের আসরে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রাচিন। বিদায়ের আগে ৯৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এরপর ড্যারিল মিচেলের ২৯, মার্ক চাপম্যানের ৩৯, গ্লেন ফিলিপসের ৪১ ও মিচেল স্যান্টনারের অপরাজিত ২৬ রানের ইনিংসে ৪০০ রান পার করে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে দলটি।
নিউজিল্যান্ডের বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কবলে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। ২১.৩ ওভার শেষে হানা দেয় বৃষ্টি। তখন পাকিস্তানের স্কোরবোর্ডে ১ উইকেট হারিয়ে রান দাঁড়ায় ১৬০। বৃষ্টি থামলে আবার নেমে ঝড়ো ব্যাট চালাতে থাকে ফখর জামান ও বাবর আজম।
ডিএলএস মেথডে তখন ৪১ ওভারে লক্ষ্য ধরা হয় ৩৪২। ২৫.৩ ওভার শেষে আবারও হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে ডিএলএস মেথডে ২১ রানে জয়ী ঘোষণা করা হয় পাকিস্তানকে। ফখর ৮১ বলে ১২৬ ও বাবর ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে