বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা
সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তাদের দলের নেতৃত্ব দেবেন সালমান আলি আগা।
এ সিরিজে বেশ কিছু সিনিয়র তারকা খেলোয়াড়কে বিশ্রামে রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দলে নেয়া হয়েছে। ফলে টি-টোয়েন্টি দলে থাকছেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরা।
অবশ্য গত ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হচ্ছে না বাবর ও রিজওয়ানকে। পিসিবি জানায়, ঘরোয়া টুর্নামেন্টে যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদেরকে দলে প্রধান্য দেয়া হয়েছে। বাংলাদেশ সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু হবে পাকিস্তান কোচ মাইক হেসনের। সম্প্রতি তাকে নিয়োগ দিয়েছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট তার।
বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। ২৭ মে শুরু হবে এই সিরিজটি। এর আগে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল দুদলের। নানা পরিস্থিতি ও অবস্থার প্রেক্ষিতে সিরিজের দুটি ম্যাচ কমিয়ে আনা হয়েছে। আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) ও সাইম আইয়ুব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে