Views Bangladesh Logo

শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

উৎসবমুখর পরিবেশে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলা ১৪৩৩ সনের বৈশাখী শোভাযাত্রা। 


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, দোয়েল চত্বর এবং বেগম রোকেয়া হল এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়। 


ইউনেস্কো স্বীকৃতপ্রাপ্ত এই বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অংশ নিতে সকাল থেকেই সর্বস্তরের মানুষ চারুকলা এলাকায় সমবেত হতে শুরু করেন। ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে সজ্জিত হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের জনপদে পরিণত হয়। 


শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য সায়েমা হক বিদিশা, প্রো-উপাচার্য ড. আব্দুস সালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্দিকুর রহমান খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য লুৎফর রহমান। এ ছাড়াও এই উৎসবে সামিল হন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ। 


শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঢাকা মহানগর পুলিশের ১০টি ঘোড়া। এর ঠিক পরেই জাতীয় পতাকা হাতে প্রায় ২০০ জন শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেন। মূল ব্যানারের সাথে ছিলেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক কাউন্সিল ও কবিতা পরিষদের সদস্যরা। 


এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল পাঁচটি বিশাল মোটিফ, যার মধ্যে ছিল মোরগ, ভায়োলিন, শান্তির পায়রা, হাতি ও ঘোড়া। এছাড়া প্রায় ৪০ জন শিল্পীর সংগীত পরিবেশনা এবং আনুমানিক ১৫০ ফুট দীর্ঘ একটি স্ক্রল পেইন্টিং শোভাযাত্রায় বিশেষ মাত্রা যোগ করে। দেশের ১০টি ভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ এই আয়োজনকে বহু সংস্কৃতির ঐক্যের প্রতীক হিসেবে ফুটিয়ে তোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ