রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগান সামনে রেখে চিড়িয়াখানার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। ব্যানার ও ফেস্টুন হাতে বর্ণিল সাজে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর সেখানে বর্ষবরণের গান ও পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে