‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ
‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ প্রতিপাদ্যকে ধারণ করে এবার বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হবে। আগের বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। নববর্ষ উদযাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করতে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে। ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি ও প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ কার্যক্রমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)কেও সম্পৃক্ত করা হবে।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সর্বস্তরের জনগণের অংশগ্রহণে নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সভাপতি হেলাল খান এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সভা সঞ্চালনা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে