Views Bangladesh Logo

পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি, ডুবেছে রাজশাহীর চরাঞ্চল

রাজশাহীতে পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় পদ্মার পানি ১৭ দশমিক ২৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপৎসীমার মাত্র শূন্য দশমিক ৭৯ মিটার নিচে। নদীর বিপৎসীমা নির্ধারিত হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার।

পানি বাড়তে থাকায় পদ্মার দক্ষিণ তীরের বিভিন্ন চরাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকেছে। মিডিলচর, ক্ষিদিরপুর, খানপুরসহ চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন চরের বাড়িঘরও পানিতে ডুবে গেছে। এতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার হাজার হাজার মানুষ।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানান, পদ্মার পানি দ্রুত বাড়ছে। তবে এখনো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নদীর পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার। শুক্রবার সকাল ৯টায় তা বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ২০ মিটারে। সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা আরও বেড়ে ১৭ দশমিক ২৬ মিটারে পৌঁছায়।

পানি বাড়ার কারণে চরাঞ্চলের অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। কেউ কেউ গবাদিপশু নিয়ে রাজশাহী শহর রক্ষা বাঁধের ওপর উঠেছেন। আবার অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, পদ্মার পানি এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে বসতবাড়ির পাশাপাশি ফসলি জমি ও গবাদিপশু নিয়েও বড় ধরনের সংকটে পড়তে পারেন চরাঞ্চলের বাসিন্দারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ