Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

টানা ১০ দিন বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। রোববার সকালে পানি কমার এই খবরে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও জেলার অন্য দুই নদীতে পানি বৃদ্ধিতে উদ্বেগ রয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মায় ৬ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে পাঙ্খা পয়েন্টে নদীটির পানির সমতল রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৩ মিটার।

পদ্মায় পানি কমা শুরু করলেও একই সময়ে জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মায় পানি বাড়া শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। পানি বৃদ্ধির ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখনও প্রায় সাড় ৩ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও এই দুই উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে এবং ১৩০ দশমিক ৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্লাবিত এলাকাগুলোতে ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, ‘পদ্মার পানি দ্রুতই নেমে যাবে এবং মহানন্দা ও পূনর্ভবার পানিও আগামী ২-৩ দিনের মধ্যে কমতে শুরু করবে, যার ফলে প্লাবিত এলাকাগুলো দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ