Views Bangladesh Logo

আগামী পাঁচ দিন বাড়তে পারে পদ্মার পানি

আগামী পাঁচ দিন পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও আগামী কয়েক দিন বাড়তে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদী এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ ও ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী এক দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ সংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর যমুনার পানি চার দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেয়ে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থেকে পরে দুই দিনে বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি আগামী তিন দিনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি একই সময়ে কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ