ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশের প্রধান দুই সেতু পদ্মা সেতু ও যমুনা সেতু যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুতে ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি। গত বছরের একই সময়ের তুলনায় যানবাহন পারাপার ও টোল আদায়—দুটিই বেড়েছে।
অন্যদিকে যমুনা সেতুতে ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। ওইদিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ টাকার বেশি।
সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদযাত্রায় যানবাহনের চাপ বেশি থাকলেও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘ যানজট দেখা যায়নি। সেতু কর্তৃপক্ষের উন্নত ব্যবস্থাপনা ও সার্বক্ষণিক নজরদারির কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতু এলাকায় টোল বুথে দক্ষ জনবল নিয়োগ, অতিরিক্ত লেন চালু, নিরাপত্তা জোরদার, নজরদারি ক্যামেরা ব্যবহার এবং জরুরি সেবা নিশ্চিতসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারের দিকনির্দেশনা ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে