Views Bangladesh Logo

পদ্মার পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি হাজারো পরিবার

পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গতরা।

বন্যার পানিতে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে যাওয়ায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে গবাদিপশু ও জরুরি আসবাবপত্র নিয়ে উঁচু স্থান কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। নদীতীরবর্তী বিভিন্ন চর ডুবে যাওয়ায় বহু পরিবার তাদের গবাদিপশু ও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

আকস্মিক এই বন্যায় বন্যাকবলিত এলাকাগুলোর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট তীব্র আকার ধারণ করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী দুই দিন বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। এর পর থেকে পদ্মার পানি ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাউবো আরও জানায়, অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণেই রাজশাহীর পদ্মা পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে নিম্নাঞ্চল তলিয়ে যায়।

এদিকে প্লাবিত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হলেও তা চাহিদার তুলনায় বেশ অপ্রতুল বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ