Views Bangladesh Logo

পদ্মা সেতুতে ৪০ মিনিট যান চলাচল বন্ধ, মাওয়া টোল প্লাজায় দীর্ঘ সারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়েছে।

এতে রোববার ভোর থেকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাড়ির সারি টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছে যায়।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, রোববার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সেতুতে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, “সেতুর অপর প্রান্তে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সাময়িক সময়ের জন্য মাওয়া টোল প্লাজা বন্ধ রাখা হয়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোরে জাজিরা গোলচত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা বিএনপির একটি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে সেতুতে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে মাওয়া প্রান্তে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হলে সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ