Views Bangladesh Logo

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

ঈদযাত্রার তৃতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজায় যানবাহনের সারি লক্ষ্য করা যায়। মাঝেমধ্যে চাপ বাড়লেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঈদকে সামনে রেখে গণপরিবহন, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি পিকআপ ও ট্রাকেও যাত্রীদের গন্তব্যের পথে ছুটতে দেখা গেছে। সেতুর উভয় প্রান্তে নির্ধারিত বুথে টোল দিয়ে যানবাহন পারাপার চলছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, দ্রুত টোল আদায় নিশ্চিত করতে মাওয়া প্রান্তে ১০টি এবং জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ সময়ের জন্য কোনো জট তৈরি হচ্ছে না।

তবে যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত চাপের সুযোগে কিছু পরিবহন বেশি ভাড়া আদায় করছে এবং পর্যাপ্ত গাড়িও পাওয়া যাচ্ছে না। পদ্মা সেতু উত্তর থানার মোড় এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি তিন সেকেন্ডে একাধিক যানবাহন টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেনসহ একাধিক লেনে টোল আদায় চলছে।

যানজট এড়াতে পদ্মা সেতুর উত্তর প্রান্তে বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারছে। এতে টোল প্লাজার প্রবেশমুখে যানবাহনের বিশৃঙ্খলা কমেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মহাসড়কে মোবাইল ও পেট্রোল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি হলেও সমন্বিত ব্যবস্থাপনায় দ্রুত টোল পরিশোধ করে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ