Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকা

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে দেশের দীর্ঘতম পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪৩ হাজারের বেশি যানবাহন পারাপার করেছে, যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন পার হয়। এতে এই প্রান্তে হয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ২৮৪টি যানবাহন পার হওয়ায় এই প্রান্ত দিয়ে টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঈদুল ফিতরের তুলনায় যানবাহন চলাচল ও টোল আদায় দুটোই বেড়েছে। পদ্মা সেতুর একজন প্রকৌশলী বলেন, কোরবানির পশু পরিবহনসহ ঘরমুখী যাত্রীর চাপ বেশি থাকায় ঈদুল আজহায় সাধারণত ঈদুল ফিতরের চেয়ে বেশি যানবাহন চলাচল করে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ঈদুল আজহার সময় একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পদ্মা সেতু দিয়ে পারাপারের রেকর্ড ছিল।

এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আরএফআইডি কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল সংগ্রহ পদ্ধতি চালু থাকায় টোল প্লাজায় যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে যানবাহনগুলো না থেমেই সেতু পার হতে পারছে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও এখন পর্যন্ত ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ