Views Bangladesh Logo

৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’-সহ ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।

প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত। এ প্রকল্পটি নদী ব্যবস্থাপনা, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া একনেক সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৩টি নতুন, ৫টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ, সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ, সাভার সেনানিবাসে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড উন্নয়ন এবং ময়মনসিংহে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প।

এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ