পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেল কার্যালয়ের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, নয়ন কুমার সরকারকে বেড়া থানা থেকে প্রত্যাহার করে গোলাম মোস্তফাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই রাতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন সময়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। শনিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘাতের ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এর জবাবে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে বৃশালিখা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেলেও তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
মতামত দিন