Views Bangladesh Logo

উন্নয়ন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম চালু

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।

রোববার (২৮ জুন) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অক্সফাম ইন বাংলাদেশের উদ্যোগে চালু হওয়া এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের ২৪ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি দেশের উন্নয়নে জ্ঞান, দক্ষতা, পরামর্শ, উদ্ভাবন, মেন্টরশিপ, অ্যাডভোকেসি, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন। যাচাইকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীরা আগ্রহী। তবে তাদের সঙ্গে আস্থাভিত্তিক ও টেকসই সম্পর্ক গড়ে তোলা জরুরি।

তিনি জানান, সরকারের বহুল প্রতীক্ষিত ডায়াসপোরা নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পেতে পারে।

তিনি বলেন, অনেক প্রবাসী বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও আস্থার ঘাটতি, সরকারি সেবার জটিলতা এবং প্রয়োজনীয় সহায়তার অভাবে তা বাস্তবায়ন করতে পারছেন না। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারি সেবায় সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল এবং স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ বলেন, এই উদ্যোগ সরকারের ডায়াসপোরা সম্পৃক্তকরণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ ডায়াসপোরা নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য আপসানা বেগম বলেন, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা সবসময় দেশের পাশে থেকেছেন। নতুন এই প্ল্যাটফর্ম বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর কার্যকর মাধ্যম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে। তিনি বলেন, এটি শুধু অক্সফামের একটি প্রকল্প নয়, বরং একটি জাতীয় উদ্যোগ। এ প্ল্যাটফর্ম বাংলাদেশকে সহায়তা গ্রহণকারী দেশ থেকে জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবন প্রদানকারী দেশে রূপান্তরের ধারণাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের মিশনপ্রধান ড. লরা টম-বন্ডে, ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অক্সফাম জানায়, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরের গবেষণার ভিত্তিতে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এ সময় ১২টি দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বৈশ্বিক জরিপ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিশ্বের ১১টি ডায়াসপোরা প্ল্যাটফর্ম বিশ্লেষণ এবং বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এটি উন্নয়ন করা হয়েছে।

‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্মে যাচাইকৃত ব্যবহারকারী প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, মেন্টরশিপ, কমিউনিটি ফোরাম এবং অবদানের প্রভাব মূল্যায়নের সুবিধা থাকবে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, স্থানীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর সেতুবন্ধ তৈরি হবে বলে আশা করছে আয়োজকরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ