Views Bangladesh Logo

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাছা থানার ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম আজাদ ওই দোকানের মালিক। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের জুয়েলারি দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত সকালে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। তবে রোববার সকাল গড়িয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা।

দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ