Views Bangladesh Logo

প্রভিডেন্ট ফান্ডে শত কোটি টাকা বকেয়া, অনিশ্চয়তায় চা শ্রমিকরা

চা শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা প্রভিডেন্ট ফান্ড (পিএফ) দীর্ঘদিন ধরে বকেয়ার বোঝায় জর্জরিত। এতে শত কোটি টাকার বেশি অর্থ আটকে থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন দেশের বিভিন্ন চা বাগানের হাজারো শ্রমিক।

সূত্র জানায়, শ্রমিকদের বেতন থেকে নিয়মিত অর্থ কেটে নেওয়া হলেও বহু বাগান মালিক সেই টাকা নির্ধারিত তহবিলে জমা দিচ্ছেন না। বর্তমানে দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে অন্তত ৫৮টি বাগানে প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে।

চা শ্রমিকদের অভিযোগ, মাস শেষে বেতন থেকে টাকা কেটে নেওয়া হলেও তা ব্যাংকে জমা না দিয়ে বাগান কর্তৃপক্ষ অন্য কাজে ব্যবহার করছে। ফলে অবসরের সময় বা জরুরি প্রয়োজনে নিজেদের সঞ্চিত অর্থ পাওয়ার নিশ্চয়তা নিয়ে উদ্বেগে দিন কাটছে তাদের।

নিয়ম অনুযায়ী, শ্রমিকদের বেতনের ৭.৫ শতাংশ এবং মালিকপক্ষের সমপরিমাণ ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার কথা। পাশাপাশি প্রশাসনিক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ শতাংশ জমা দেওয়ার বিধান রয়েছে।

শ্রমিক নেতারা বলছেন, এই টাকা নিয়মিত জমা হলে শ্রমিকরা সুদসহ একটি নিরাপদ সঞ্চয় পেতেন। কিন্তু অনিয়মের কারণে তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কুন্দ বলেন, শ্রমিকদের আয়ের পরিমাণ এমনিতেই কম। তার মধ্যেও যে সামান্য সঞ্চয় গড়ে ওঠে, সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ায় শ্রমিকদের জীবনে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে।

অন্যদিকে, সংশ্লিষ্টরা জানান, কিছু চা বাগান আর্থিক সংকটে থাকায় সময়মতো টাকা জমা দিতে পারেনি। কোথাও ব্যবস্থাপনার দুর্বলতা ও তদারকির অভাবও দায়ী।

প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য অনুযায়ী, অনাদায়ী অর্থ আদায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু বকেয়া আদায়ও করা হয়েছে এবং বাকি অর্থ আদায়ে তাগিদ অব্যাহত রয়েছে।

তবে শ্রমিকদের দাবি, দ্রুত সব বকেয়া পরিশোধ করে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে ভবিষ্যতে বড় সংকটে পড়তে হবে এই শ্রমজীবী মানুষদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ