আদমজী ইপিজেডে হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের পর থেকে ওই দুই তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। পরে তাদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
হঠাৎ একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় রাত ৯টায় কারখানা ছুটি দেওয়ার কথা থাকলেও সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও পরে সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
তবে কারখানার মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন জানান, ৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং আরও কয়েকজন অসুস্থতা অনুভব করছেন বলে তারা জানতে পেরেছেন। অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তবে শ্রমিকদের অসুস্থতার কারণ নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রকৃত কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন