Views Bangladesh Logo

দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি, হজে গিয়ে মৃত্যু ৫৫ বাংলাদেশির

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হাজি। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে ৬৮ হাজার ২৯৭ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।

শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩১ হাজার ৯৮১ জন হাজি। সৌদিয়া এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ফিরেছেন ২৩ হাজার ১৪৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৩টি ফ্লাইটে দেশে এসেছেন ৮ হাজার ৯৬৭ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ২০০ জন হাজি।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ১১ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি মেডিক্যাল সেন্টারগুলো এ পর্যন্ত ৬৭ হাজার ৮৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে।

অন্যদিকে, মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত বাকি হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে শুরু হয় ফিরতি ফ্লাইট, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ