Views Bangladesh Logo

মার্চে সড়ক দুর্ঘটনায় ৬৮২ জন নিহত: যাত্রীকল্যাণ সমিতি

মার্চ মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্চে সড়কপথে ৬১৬টি দুর্ঘটনায় ৬১৯ জন নিহত ও ১ হাজার ৫৪৮ জন আহত হন। একই সময়ে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২২৯ জন আহত হন। নৌপথে ৯টি দুর্ঘটনায় ৯ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনার বড় অংশ ঘটেছে সড়কপথে। মোট দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি জড়িত ছিল মোটরসাইকেল—মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ০৩ শতাংশ, নিহতের ৩৮ দশমিক ৬১ শতাংশ এবং আহতের ১২ দশমিক ৭২ শতাংশ।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।

যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়, মার্চে জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে মোটরসাইকেল, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান, বাস, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন উল্লেখযোগ্য হারে ছিল।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে অবকাঠামোগত ঘাটতি, উল্টো পথে চলাচল এবং অতিরিক্ত যাত্রী বহন।

সংগঠনটি ঈদযাত্রায় নিরাপদ পরিবহন নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমানোর আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ