হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৫৬ হাজার ২৬৯ জন রয়েছেন।
ফিরে আসা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ৩ জন হাজি।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
এদিকে, সৌদি আরবে এ পর্যন্ত মারা যাওয়া ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন।
সবশেষ গত মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা আকলিমা আক্তার (৪৪) মদিনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ১৯ মে সৌদি আরবে পৌঁছেছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশি হাজিদের জন্য এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বছর হজ পালন করতে গিয়ে ৪৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছিলেন। আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১২১, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।
মতামত দিন