২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগ এনে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইলটি প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করা হয়নি। তবে তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা জানা নেই।
এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং তারা নিয়োগ ফিরে পাবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ খালি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব শূন্যপদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে